চট্টগ্রামে তিন দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, ভাড়া বাড়িয়ে লুটপাট চালকদের
চট্টগ্রাম নগরীতে টানা তিন দিনের বৃষ্টি ও পরবর্তী জলাবদ্ধতা স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে দিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে মুজুরি আদায় করছেন, যা স্বাভাবিক ভাড়ার তিন গুণ পর্যন্ত বেড়েছে। বুধবার সকালে নগরের আগ্রাবাদ, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় অনেকেই রিকশা ও অটোরিকশার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে চালকরা যেখানে নিয়মিত ভাড়া ২০০ টাকা, সেখানে ৬০০ থেকে ৭০০ টাকা এবং রিকশার ক্ষেত্রে ২০ টাকার বদলে ৫০ থেকে ৭০ টাকা দাবি করছেন। অনেক যাত্রী অফিসের সময় হওয়ায় বাধ্য হয়েই এই অতিরিক্ত মূল্য পরিশোধ করছেন। বাকলিয়া থেকে আগ্রাদে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষারত ব্যাংক কর্মকর্তা মোস্তফা মাহমুদ জানান, প্রতিদিন যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া লাগে, আজ চালকরা ৬০০ থেকে ৭০০ টাকা চেয়েছেন এবং দর কষাকষির পরও তাকে ৫৫০ টাকা দিয়ে যেতে হয়েছে।
দীর্ঘ সময় ধরে বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও যানবাহন না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। টানা বর্ষণে সৃষ্ট এই পরিস্থিতিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ও যানবাহনের অপ্রতুলতার কারণে চট্টগ্রামবাসীকে চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।

