প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের পথিকৃৎ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে আজ বাদ আসর রাজধানীর বাড্ডাস্থ প্রাণ সেন্টারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের কর্মীরা অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন।
আমজাদ খান চৌধুরীর কর্মময় জীবন শুরু হয় ১৯৫৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে। অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তিনি ১৯৮১ সালে মেজর জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন। সামরিক জীবন শেষে তিনি উদ্যোক্তা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে প্রাণ-আরএফএল গ্রুপে রূপ নেয়। তার হাত ধরেই দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প আধুনিকতার দোরগোড়ায় পৌঁছায়।
বর্তমানে তার প্রতিষ্ঠিত এই গ্রুপটি দেশের অন্যতম শীর্ষ খাদ্য ও গৃহস্থালি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে প্রায় এক লাখ ৫৮ হাজার কর্মী কর্মরত আছেন এবং বিশ্বের ১৪৮টি দেশে নিয়মিত পণ্য রপ্তানি করা হচ্ছে। এছাড়া তিনি এমসিসিআই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, রিহ্যাব এবং ইউসেপের মতো প্রতিষ্ঠানের সাথেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

