রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে চরম যানজট ও ভাড়া বাণিজ্য
বন্দরনগরী চট্টগ্রামে গত চার দশকের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। সড়ক ও ড্রেনের কোনো পার্থক্য না থাকায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকেই সিটি গেট, আগ্রাবাদ, বাদামতলী, বাকলিয়া, চান্দগাঁও, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট ও পতেঙ্গা এলাকায় পানি জমে যায়। অনেক স্থানে পানি হাঁটু থেকে কোমর সমান হওয়ায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল হয়ে পড়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। নিচু এলাকার বাসিন্দাদের ঘরে পানি ঢোকার পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নষ্ট হয়েছে।
গণপরিবহনের অপ্রতুলতার সুযোগ নিয়ে রিকশা, সিএনজি ও অটোরিকশা চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। চকবাজার থেকে আগ্রাবাদগামী সরকারি কর্মকর্তা রণি পাল জানান, প্রতিদিন ৩০০ টাকার পথে আজ ৮০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। অন্যদিকে, বহদ্দারহাট এলাকার অভিভাবক আসমা আক্তার বলেন, সন্তানের পরীক্ষার কথা ভেবে বাধ্য হয়ে স্বাভাবিক ভাড়ার তিনগুণ দিতে হয়েছে। দিনভর বৃষ্টি ও জলাবদ্ধতায় পুরো নগর জীবন স্থবির হয়ে পড়েছে।

