রোবোসাব-২০২৬ এ যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটিক প্রকল্পটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। তাদের এই সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডই সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এমন উদ্যোগকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ধীরস্থির ও নিষ্ঠার সাথে গবেষণায় মনোনিবেদ করলে তারা বিশ্ববাসীর কাছে দেশের সুনাম ছড়িয়ে দিতে সক্ষম হবেন। সাক্ষাতের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তার নিজহাতে লিখিত ‘সবার আগে বাংলাদেশ’ গ্রন্থটি শিক্ষার্থীদের উপহার হিসেবে প্রদান করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।

