ভোলার চরাঞ্চলে খাসজমি উদ্ধারে স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফর

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ২:০৪ এএম
ভোলার চরাঞ্চলে খাসজমি উদ্ধারে স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফর

দেশের চরাঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা জোর করে জমি দখলের প্রথা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। তিনি জানান, ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে বিত্তশালীরা যেন ভুয়া সনদ দিয়ে সরকারি খাসজমি দখল করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসাথে ভোলার চরফ্যাশন ও মনপুরার বাস্তব অবস্থা দেখতে স্পিকারকে সাথে নিয়ে খুব শিগগিরই ওই এলাকা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময় এমপি নূরুল ইসলাম জানান, সারাদেশে সরকারি হিসাবে প্রায় ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর খাসজমি থাকলেও তার বড় অংশটি প্রভাবশালীদের দখলে। তিনি তার নির্বাচনি এলাকা চরফ্যাশন ও মনপুরার ভুক্তভোগী মানুষের পক্ষে কথা তুলে ধরেন।

এমপির অভিযোগের সত্যতা স্বীকার করে ভূমিমন্ত্রী বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং ২০২৪ সালের বিধিমালা কঠোরভাবে প্রয়োগ করে জেলা প্রশাসকদের মাধ্যমে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। স্পিকার এ সময় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় খাসজমি উদ্ধারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং ভূমিমন্ত্রীর আসন্ন ভোলা সফরে তিনিও সময় পেলে যোগ দেবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...