যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ১:৩০ এএম
যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন এবং তিনি তাদের এই সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে। তিনি জানান, এমন উদ্ভাবনী কাজকে সরকার সার্বিক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ করার পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এরপর প্রধানমন্ত্রী তার লিখিত বই ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...