নেইমারকে নিয়ে স্ট্যাটাসের মাত্র ঘণ্টাখানেক পর সড়কে প্রাণ হারালেন যুবক
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের পরাজয়ের কথা মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়ার ঘণ্টাখানেক পরই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন জুয়েল রানা (২৫) নামে এক যুবক। চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খেলা নিয়ে তার ওই সর্বশেষ পোস্টটি এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যাপাড়ার বাসিন্দা শামশুল ইসলামের ছেলে। তিনি বাঁশখালী সদর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে সিএনজিতে উঠলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছোট ভাই মো. আরাফাত জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

