চট্টগ্রামে ১২৮ মিলি বৃষ্টির পরেও স্বস্তি, নেই জলাবদ্ধতা
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মুষলধারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হলেও নগরীর কোনো স্থানে উল্লেখযোগ্য জলাবদ্ধতা দেখা যায়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জানিয়েছে, খাল ও ড্রেনগুলো পরিষ্কার থাকায় দ্রুত পানি নিষ্কাশনের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছেন, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এছাড়া অতিবৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে। অন্যদিকে, চসিক সূত্রে জানা গেছে, বর্জ্য ও প্লাস্টিক অপসারণ করে পানি প্রবাহের পথ সচল রাখায় টানা বৃষ্টিতেও যানজট এড়ানো সম্ভব হয়েছে এবং নগরবাসীর দৈনন্দিন কাজে কোনো প্রকার বিঘ্ন ঘটেনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতামুক্ত নগর গড়া তাদের প্রধান লক্ষ্য। প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নালা ও খালগুলো প্রবাহিত রাখায় এই সাফল্য এসেছে। তিনি আরও বলেন, বর্ষাকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। মেয়র নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন, ড্রেন বা খালে বর্জ্য না ফেলার মাধ্যমে তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করুন, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়।

