বরিশালে সদস্যকে নির্যাতন: রিহ্যাবের তীব্র নিন্দা, চার দফা দাবি
বরিশালে এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। সোমবার রাজধানীর ন্যাশনাল প্লাজায় রিহ্যাব বোর্ড রুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সভাপতি ড. আলী আফজাল এসব কথা বলেন।
ড. আলী আফজাল জানান, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং লিমিটেডের এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এ ছাড়া তাকে স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারকৃতরা জামিনে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে এবং ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আবাসন খাতে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে রিহ্যাব চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এ এফ এম ওবায়েদুল্লাহ, পরিচালক শেখ কামাল, হাবিবুর রহমান হাবিব ও সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

