বরিশালে সদস্য নির্যাতন: রিহ্যাবের প্রতিবাদ ও চার দফা দাবি
বরিশালে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক সদস্যকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে রিহ্যাব।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ন্যাশনাল প্লাজায় রিহ্যাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. আলী আফজাল এসব কথা বলেন। এসময় তিনি জানান, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোর করে চেক ও স্ট্যাম্পে সই নেওয়া হয়। এই ঘটনায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে গ্রেফতার করলেও তাদের দ্রুত জামিনের চেষ্টা এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ড. আলী আফজাল বলেন, বিচারকালীন সময়ে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রিহ্যাব ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আবাসন খাতে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এ এফ এম ওবায়দুল্লাহ এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

