পল্লির উন্নতিই সমৃদ্ধ বাংলাদেশের মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সার্বিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো গ্রামীণ জনপদ। তিনি বলেন, উন্নত পল্লি গড়ে তোলা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব। আগামী সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে রোববার (৫ জুলাই) প্রদত্ত এক বাণীতে তিনি এসব কথা বলেন।
সরকার প্রধান বলেন, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নের মূলধারায় সবাইকে সম্পৃক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে গ্রাম ও পল্লিকে উন্নয়নের ভিত্তি হিসেবে ধরে এগিয়ে যাওয়া হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই পল্লি উন্নয়ন কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়, এটি টেকসই অর্থনীতির অন্যতম ভিত্তি। তিনি স্মরণ করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিলেন।

