সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো গ্রাম ও পল্লির অগ্রগতি। জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে কারণ উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ দেশ গঠন অসম্ভব।
আগামী ৬ জুলাই দিবসটি উদযাপিত হবে। রোববার (৫ জুলাই) প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী জানান, এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। তাই পল্লি উন্নয়ন কেবল একটি খাত নয়, বরং টেকসই অর্থনীতির মূল ভিত।
ঐতিহাসিকভাবে গ্রামোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মূল লক্ষ্য ছিল কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদার করা। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও উন্নত পল্লির মাধ্যমেই সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। জনগণের প্রত্যাশা পূরণে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

