উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ১২:৩০ এএম
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির মূল চাবিকাঠি লুকিয়ে আছে গ্রাম ও পল্লির উন্নয়নের মধ্যে। আগামী সোমবার (৬ জুলাই) পালিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এসব কথা জানান। প্রথমবারের মতো এই দিবসটি পালনের উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে অভিহিত করেছেন।

সরকার প্রধান জানান, জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রামকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, যারা কৃষি, কুটিরশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখছেন। তিনি বলেন, পল্লি উন্নয়ন কোনো সাধারণ খাতভিত্তিক কর্মসূচি নয়, বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

তারেক রহমান ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। ওই রূপরেখায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়নকে টেকসই করা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...