পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৫ জুলাই) সকালে পিজিআর সদর দপ্তরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার। একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের সময় নিহত পাঁচ পিজিআর সদস্যসহ দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সবাইকে স্মরণ করেন। তিনি আশা করেন, পিজিআর সদস্যরা আরও দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবেন।
পরে দুপুরে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার তাকে স্বাগত জানান এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের পেশাদারিত্ব ও আত্মত্যাগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠায় দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতি আস্থা প্রকাশ করেন। এতে তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

