ধর্মীয় বিধানে সন্ধ্যার পর এইচএসসি পরীক্ষা দেবেন চট্টগ্রামের দুই শিক্ষার্থী
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে শনিবার (৪ জুলাই) রাতে পরীক্ষা দেবেন দুই শিক্ষার্থী। খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের এই দুই পরীক্ষার্থী শনিবার সাবাথ বা বিশ্রামবার পালনের কারণে সূর্যাস্তের পর পরীক্ষায় বসছেন। এই বিশেষ ব্যবস্থায় সারাদেশে মোট ১৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, সকালে অন্য সব পরীক্ষার্থীর সাথে তারা কেন্দ্রে প্রবেশ করবেন। এরপর আলাদা কক্ষে অবস্থান করে সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, তারা সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত কক্ষে বসবেন এবং সার্বক্ষণিক একজন পরিদর্শক তাদের দায়িত্বে থাকবেন। এসময় শুকনো খাবার সঙ্গে রাখার অনুমতি থাকলেও মুঠোফোন বা অন্য কোনো সামগ্রী রাখা যাবে না।
এই বিশেষ সুবিধাপ্রাপ্ত দুই শিক্ষার্থীর একজন নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা। অপরজন বান্দরবানের একটি কেন্দ্র থেকে পরীক্ষা দেবেন। উল্লেখ্য, ২ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এর মধ্যে ছয়টি শনিবার পরীক্ষা রয়েছে। আগামী ১১ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ১৮ জুলাই ভূগোল এবং ২৫ জুলাই অর্থনীতির পরীক্ষাও শনিবার অনুষ্ঠিত হবে।

