ঢাকা-১৫ আসনের উন্নয়নে ঐক্যবদ্ধ সরকার ও বিরোধীদল

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৪:৫৯ পিএম
ঢাকা-১৫ আসনের উন্নয়নে ঐক্যবদ্ধ সরকার ও বিরোধীদল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকা-১৫ আসনের সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকার এবং বিরোধীদল একযোগে কাজ করবে। তিনি বলেন, এলাকার জনগণকে সাথে নিয়ে সব ধরনের অসুবিধা দূর করে উন্নত ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে তারা একমত হয়েছেন। গত বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা বিরোধীদলীয় নেতার এই মতবিনিময় সভায় এসেছেন। তিনি এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ডিএনসিসি প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন। তিনি জোর দিয়ে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এই আসনের সকল সমস্যার সমাধান করা হবে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান তার বক্তব্যে জানান, সিটি করপোরেশন ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ার প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, খাল উদ্ধার ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট মেরামত এবং বৃক্ষরোপণের মতো উন্নয়নমূলক কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছে তারা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৫ আসনের উন্নয়নের দায়িত্ব নিজেই বুকে ধারণ করেছেন এবং তার নেতৃত্বে সরকার ও বিরোধীদল একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...