ডিজিটাল সক্ষমতাই এখন নিরাপত্তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৪:২৫ পিএম
ডিজিটাল সক্ষমতাই এখন নিরাপত্তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা বলতে আর সীমান্ত পাহারা বা গতানুগতিক প্রতিরক্ষা বোঝায় না। প্রযুক্তির বিকাশের সাথে সাথে নিরাপত্তার ধারণাতেও বড় পরিবর্তন এসেছে। তিনি জানান, ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগ কেবল একটি প্ল্যাটফর্ম সৃষ্টি নয়, বরং এটি সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ। আনসার বাহিনীর এই উদ্ভাবনী পদক্ষেপ অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আধুনিক বিশ্বে কোনো প্রতিষ্ঠানের জন্য শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করা আর যথেষ্ট নয়; তথ্যভাণ্ডার ও ডিজিটাল অবকাঠামো সাইবার হামলা থেকে রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের শিখিয়েছে যে নিরাপত্তার ধারণা এখন নতুন মাত্রা পেয়েছে। তিনি আনসার বাহিনীর বিশাল জনবলকে গতানুগতিক ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, প্রযুক্তির জগত স্থির নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। আজকের আধুনিকতা আগামীদিনে পুরোনো হয়ে যেতে পারে। তাই ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কেও ধারাবাহিক প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং অ্যানালগ চিন্তা থেকে ডিজিটাল চিন্তায় রূপান্তরিত হতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...