জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেবল নামমাত্র উদযাপন করলে চলবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করা অত্যাবশ্যক। একইসাথে রাষ্ট্রের চলমান কাঠামোরও মৌলিক সংস্কার করতে হবে বলে জোরালো অবস্থান তুলে ধরেন তিনি।
বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকারের এখনো কোনো কর্মসূচি ঘোষণা না করার বিষয়টিও তুলে ধরেন। তবে অচিরেই সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপি নেতা।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই হত্যা মামলার বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগুচ্ছে, যা ত্বরান্বিত করা জরুরি। পাশাপাশি ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। এ সময় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজাকে যথেষ্ট না মনে করে আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তির প্রত্যাশা করেন। তিনি সতর্ক করে বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

