মেয়াদ শেষেও বাজেট পেশ: মেয়র শাহাদাতের দায়িত্ব নিয়ে প্রশ্ন হেলালীর
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়াদোত্তীর্ণ মেয়র ডা. শাহাদাত হোসেন কোন আইনগত ভিত্তিতে দায়িত্ব পালন করছেন এবং নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষমতা অর্জন করেছেন—সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন চসিক মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। একইসঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন হেলালী। তিনি বলেন, একটি সিটি করপোরেশনের বাজেট কেবল হিসাব-নিকাশের খাতা নয়, বরং এটি নগর উন্নয়নের রূপরেখা এবং নাগরিকদের প্রত্যাশার প্রতীক। কিন্তু এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তিনি মনে করেন, বিগত ২২ ফেব্রুয়ারিতে বর্তমান মেয়রের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যেভাবে ক্ষমতা ধরে রেখেছেন এবং বাজেট পাস করেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
এই বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে অস্বচ্ছ আখ্যা দিয়ে হেলালী জানান, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী বা নাগরিক সমাজের মতামত নেওয়া হয়নি। এছাড়া ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও ডিজিটাল গভর্ন্যান্স নিশ্চিত করতে এই বাজেটে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনার অভাব রয়েছে।

