বাতিল ১৫৯ বছরের প্রাচীন আইন, সংসদে পাস হলো জুয়া প্রতিরোধ বিল
ডিজিটাল যুগে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রোধে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’। এর মাধ্যমে দেশে ১৫৯ বছর ধরে চলে আসা ‘প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ বাতিল করে সময়োপযোগী নতুন আইন প্রণয়ন করা হলো। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে এটি কণ্ঠভোটে পাস হয়।
নতুন আইনে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। এছাড়া অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া, বিদেশি বেটিং প্ল্যাটফর্মের এজেন্ট হিসেবে কাজ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার প্রচার চালানোও এই আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ভিপিএন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া ও অর্থপাচার রোধে বিদ্যমান আইনটি অপ্রতুল হয়ে পড়েছিল। এ কারণেই ১৮৬৭ সালের আইনটি রহিত করে আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার এই কঠোর আইন প্রণয়ন করেছে। এতে ডিজিটাল জুয়া, ক্রিপ্টোকারেন্সি ও জুয়ার সামগ্রী সহ ২৪টি বিষয়ের সংজ্ঞা এবং ১৪ ধরনের সাজার বিধান স্থান পেয়েছে।

