নারী নেতৃত্ব ছাড়া নবায়নযোগ্য জ্বালানি নীতি টেকসই হবে না
দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে এর টেকসইতা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মত প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নারী নেত্রীরা। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আলোক অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে এই দাবির পক্ষে কথা বলেন তারা। মানুষের জন্য ফাউন্ডেশনের উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (ডাব্লিউইই) প্রকল্পের আওতায় ২৮ থেকে ৩০ জুন এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘নবায়নযোগ্য জ্বালানি খাতে নারী-নেতৃত্ব শক্তিশালীকরণ ও জেন্ডার অন্তর্ভুক্তি’ প্রতিপাদ্যের এই আয়োজনে বিভিন্ন এলাকার ২৩ জন নারী নেত্রী অংশ নেন। তারা জ্বালানি সংকট, নারীদের স্বাস্থ্য ঝুঁকি এবং উদ্যোক্তা হিসেবে নারীদের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। সাতক্ষীরার নাসরিন সুলতানা উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ সংকটের কারণে নারীদের সৃষ্ট অসুবিধার কথা তুলে ধরে সৌরবিদ্যুতের ওপর জোর দেন। নাটোরের মেহনাজ মালা নারীদের ঋণ ও কারিগরি সহায়তা পেলে উদ্যোক্তা হিসেবে সাফল্যের সম্ভাবনার কথা বলেন।
চট্টগ্রামের মানি এলিজাবেথ চাকমা অপরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের কারণে নারীদের স্বাস্থ্যগত সমস্যার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করলে নারীদের সময় ও স্বাস্থ্য দুইই রক্ষা পাবে। মানুষের জন্য ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক বানাশ্রী মিত্র নিয়োগী বলেন, জ্বালানি খাতে বিনিয়োগ ও নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ এখন সময়ের দাবি।

