আইনশৃঙ্খলা উন্নতি হলেও বেড়েছে ধর্ষণ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৫:২৫ পিএম
আইনশৃঙ্খলা উন্নতি হলেও বেড়েছে ধর্ষণ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ধর্ষণের অভিযোগ দায়েরের হার বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আলোচনায় তিনি বলেন, খুন, ডাকাতি ও নারী নির্যাতনের মতো অপরাধ কমলেও ধর্ষণের মামলা বেশি দেখা যাচ্ছে। তবে এর পেছনের কারণ হিসেবে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ায় বাধা কমে আসাকে দায়ী করেছেন।

মন্ত্রী বলেন, অতীতে সামাজিক বা রাজনৈতিক বাধার কারণে ধর্ষণের শিকার ব্যক্তিরা থানায় অভিযোগ জানাতে পারতেন না। বর্তমানে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না থাকায় এবং অনলাইনে অভিযোগ দায়েরের সুযোগ থাকায় ভুক্তভোগীরা এগিয়ে আসছেন। তিনি জোর দিয়ে বলেন, ধর্ষণের ঘটনা যেখানেই ঘটুক না কেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে সব ক্ষেত্রে অপরাধের হার ঐতিহাসিকভাবে কমেছে।

এর আগে বাজেটের ওপর আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মার্চ ও এপ্রিল মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, এই দুই মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ৩১ হাজার কোটি টাকার বাজেট চাওয়া প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সাতক্ষীরা-২ আসনের এমপি মোহাম্মদ আব্দুল খালেক মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের ওপর জোর দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...