সংসদ ভবনে স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে আপ্লুত কুমিল্লার শিক্ষার্থীরা

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৭:১৬ পিএম
সংসদ ভবনে স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে আপ্লুত কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থী এবং চারজন শিক্ষকের জন্য গত রোববার দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শন এক অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়েছে। সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফরে এসব শিক্ষার্থী প্রথমবারের মতো সংসদ ভবনের অভ্যন্তরে পা রাখেন এবং সেখানকার ঐতিহ্যবাহী পরিবেশ উপভোগ করেন।

সফরের মূল আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময়। শিক্ষার্থীদের সাথে কথা বলার এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই তাদের সাথে সেলফি তুলেন। এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তারা অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন এবং এটিকে তাদের জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে বর্ণনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান গুরুত্ব দিতে উৎসাহিত করেন। এই সফরে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।

পরিদর্শনের শুরুতে তারা এলডি হল এবং বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত বিশাল সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য ঘুরে দেখেন। এছাড়াও তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করার সুযোগ পান এবং সংসদের দুই প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ ও সমৃদ্ধ গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় মনোহরগঞ্জের কৃতি সন্তান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিং সেশনে সংসদের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন শিক্ষার্থীরা। ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...