স্লো ইন্টারনেট ও কল ড্রপ সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার
দেশে মোবাইল নেটওয়ার্কের অনির্ভরযোগ্যতা ও ধীরগতির ইন্টারনেট সেবা নিয়ে জনসাধারণের ভোগান্তি লাঘব করতে ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, মোবাইল অপারেটরগুলোর সেবার মান নিশ্চিত করতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় ‘কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম’ নামক একটি পদ্ধতিমালা জারি করা হয়েছে। এরই মধ্যে ওই নির্দেশিকার আওতায় ২০২৬ সালে সারা দেশের প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ এবং সেবার বাস্তব অবস্থা যাচাই করা হচ্ছে।
ফকির মাহবুব আনাম বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে এই সেবার মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট অব্যাহত থাকবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে যেসব এলাকায় নেটওয়ার্ক দুর্বল সেগুলো চিহ্নিত করা হবে। এরপর সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

