পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সাফল্যে প্রতিবন্ধক: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃতি নারীকে সৃষ্টিশীল করে তৈরি করলেও সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতা তাদের স্বাভাবিক প্রতিভা বিকাশ ও উদ্যোক্তা হওয়ার পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রজন্মের ধারাবাহিকতা ও সৃষ্টিশীলতার ক্ষেত্রে নারীর ভূমিকা অপরিসীম, তবে সামাজিক এই কুসংস্কার তাদের অগ্রযাত্রা থামিয়ে দিচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, মাতৃত্বের অনন্য বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সাথে নিবিড়ভাবে জড়িত। এই নারী সমাজ থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, তাদের সঠিক স্বীকৃতি প্রদান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি এমন সব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সমাজের বিদ্যমান অসাম্য দূরীকরণে ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত নারীদের প্রত্যাশা ও অনুভূতি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে একজন নারী নেত্রী হিসেবে তিনি যে সফলতার উদাহরণ স্থাপন করেছেন তা প্রমাণ করে নারীরা পিছিয়ে পড়ে না। তিনি সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতি স্বীকার না করে নিজেদের অন্তর্নিহিত সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

