জুলাই সনদ মেনে সংবিধানের কাঠামোতেই হবে সব সংস্কার: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশে যেকোনো ধরনের রাষ্ট্রীয় সংস্কার সম্পূর্ণ সংবিধানের আওতার মধ্যে থেকেই সম্পন্ন হবে। তিনি বলেন, সংবিধানকে বাইপাস করা যাবে না, তবে ‘জুলাই সনদ’ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদেও সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের কথা বলা হয়েছে। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা একদিকে ১৯৭২ সালের সংবিধান অস্বীকার করছেন, অন্যদিকে একই সংবিধানের অধীনে নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন, যা একটি পরস্পরবিরোধী অবস্থান। নারী প্রতিনিধিত্ব ও ডেপুটি স্পিকার পদের বিষয়ে সনদের নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
অধ্যাদেশের বৈধতা তুলে ধরে তিনি বলেন, ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী সংবিধানের ৯৩ অনুচ্ছেদের আওতায় জারি করা অধ্যাদেশ আইনের স্বীকৃতি পায়। সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, সব দলের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গঠিত এই সংবিধানই রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

