ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করতে ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৯:২২ এএম
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করতে ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মন্ত্রীর

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ এবং প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার এবং এ জন্য আলাদা তহবিল গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা এদেশের ভূমিপুত্র, তাই তাদের ভাগ্যের উন্নয়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বজুড়ে হিংসা ও বিভেদ বাড়ছে, এমন পরিস্থিতিতে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে একটি বিশাল সমাবেশের আয়োজনের কথাও জানান তিনি। এ ছাড়া সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের আশাবাদও ব্যক্ত করেন মির্জা ফখরুল। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...