সামাজিক সুরক্ষা খাতে বড় পরিবর্তন, এক কার্ডেই মিলবে সব সুবিধা
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কাঠামোগত পরিবর্তন আনছে সরকার। এর মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে এই কর্মসূচিটি সারাদেশে বড় পরিসরে শুরু করার পরিকল্পনা নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
দীর্ঘদিন ধরে টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), মানবিক সহায়তা এবং ইজিপিপির মতো পৃথক পৃথক প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হলেও তা প্রত্যাশিত ফল দিতে পারছিল না। অর্থ বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, এসব প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন পদ্ধতি প্রায় একই রকম হওয়ায় একই পরিবার একাধিক প্রকল্পের সুবিধা ভোগ করছে, যা বরাদ্দের সুষম বণ্টনে বাধা সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সরকার নতুন করে কোনো বাজেট বরাদ্দ ছাড়াই বিদ্যমান তহবিল ব্যবহার করে এই সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এসব কর্মসূচির জন্য প্রায় ৭ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ দিয়েই এখন থেকে কেন্দ্রীয় ডেটাবেইসের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে স্বচ্ছভাবে নগদ অর্থ বিতরণ করা হবে। এতে একদিকে প্রশাসনিক জটিলতা কমবে, অন্যদিকে দ্রুত সময়ে সুবিধাভোগীরা তাদের পাওনা পাবে।
ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানকে এই কার্ড প্রদান করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন। এই সফল অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আগামী জুলাই থেকে সারাদেশে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা দারিদ্র্য বিমোচনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

