বাজেট ঘোষণা আগামী ১১ জুন, পে-স্কেল নিয়ে উদ্বেগে সরকারি চাকরিজীবীরা
আগামী ১১ জুন বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট, যার আকার প্রায় ৯ লাখ কোটি টাকা ধরা হচ্ছে। তবে এই বাজেটে নতুন পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সরকারি কর্মচারীরা আশঙ্কা করছেন যে, অর্থনৈতিক সংকটের কারণে তাদের বকেয়া পে-স্কেলের প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্যত্র ব্যয় হতে পারে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে-স্কেলের সার্বিক ব্যয় এবং দেশের বর্তমান কর রাজস্ব ও জিডিপি অনুপাত বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একবারে বাস্তবায়ন সম্ভব না হলে ধাপে ধাপে করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বর্তমানে দেশের ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, যা নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।
অপরদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক দাবি করেছেন, আগামী বাজেটে পে-স্কেলের বরাদ্দ রাখতে হবে। তিনি বলেন, জানুয়ারি থেকে না হলেও আগামী জুলাই থেকে নতুন স্কেল কার্যকর করা উচিত। দাবি না মানা হলে সরকারি কর্মচারীরা স্মারকলিপি বা কঠোর কর্মসূচির পথ বেছে নিতে পারেন বলে সংশ্লিষ্ট মহলে জল্পনা শুরু হয়েছে।

