ক্রীড়াঙ্গনে নতুন ধারা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১১:২৩ পিএম
ক্রীড়াঙ্গনে নতুন ধারা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ঘোষণা প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ পরিদর্শন করতে এসে ক্রীড়াঙ্গনকে গুণগত পরিবর্তনের লক্ষ্যে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ক্রীড়া জগতকে পেশাদার ও আধুনিক করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে দেশের বিভিন্ন খেলাধুলায় নতুন প্রতিভা তৈরি এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

খেলা শেষে সাবেক ফুটবলারদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে ও সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, তাদের পরিকল্পনা রাজধানীকেন্দ্রিক নয়। সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্কুল ও শ্রেণির মধ্যে খেলাধুলার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঘরে ঘরে খেলোয়াড় তৈরির স্বপ্ন দেখছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

এসময় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সবাই মিলে ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা শুধু মনোরঞ্জনের মাধ্যম নয়, এটি বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য এবং দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...