পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এই নতুন দায়িত্ব পালন করতে হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে বিশেষ শাখায় (এসবি), ঢাকায় এবং মুর্শিদ জাহানকে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান ও মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া সকল কর্মকর্তাকে আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব বুঝে না দিলে ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

