স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ জেসিও পেলেন অনারারি লেফটেন্যান্ট র্যাংক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং সামরিক বাহিনীর সদস্যদের উৎসাহিত করতে বাংলাদেশ সেনাবাহিনীতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে (জেসিও) অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে এই অনারারি কমিশন কার্যকর হবে। এই পদোন্নতি সেনা সদস্যদের পেশাগত যোগ্যতার স্বীকৃতি হিসেবে গণ্য হবে, যা তাদের কর্মজীবনে নতুন মাত্রা যোগ করবে।
অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন আর্মার্ড কোরের মোহাম্মদ জামাল উদ্দিন; আর্টিলারির মো. আ. কাইয়ুম ও মো. মোহাররম হোসেন; ইঞ্জিনিয়ার্স কোরের মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, মো. ইসমাইল হোসেন এবং মো. শহিদুল ইসলাম। এছাড়া সিগন্যালসের মো. আবদুল কাদের; ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাজী মোকাররম হোসেন, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান; বীর রেজিমেন্টের মো. খালেদ মোর্শেদ নীরব; এএসসির শেখ কামাল উদ্দিন; ইএমইর ওবায়দুর রহমান সেখ ও মো. আবুল হাশেম এবং সিএমপির মো. আব্দুল কাদের।
এই পদোন্নতির ফলে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন পদমর্যাদা ও দায়িত্ব পালনের সুযোগ পাবেন। সেনাবাহিনীর এই পদক্ষেপ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবার প্রতি তাদের আন্তরিকতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

