গুলশানে বিএনপি নেতার বাড়ি দখলে নিয়ে বার ও আবাসিক হোটেল, গ্রেফতার মাসুদ
রাজধানীর গুলশানের ৫০ নম্বর রোডে অবস্থিত সাবেক সচিব ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিমের বহুতল ভবন দখল করে আবাসিক হোটেল ও বসত মদের আড্ডা চালানোর অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। দীর্ঘ ১৭ বছর এই বাড়ি দখল করে রাখার পর, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মালিকপক্ষ বাড়ির দখল ফিরে পেয়েছেন এবং অবশেষে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
২০০৩ সালে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত এই ছয় তলা ভবনটি ২০০৯ সাল থেকেই কার্যত দখলে রেখেছিলেন মাসুদ উদ্দিন। তিনি সেখানে কোয়ালিটি ইন নামে একটি আবাসিক হোটেল পরিচালনা করতেন। স্থানীয়দের অভিযোগ, ওই হোটেলে নিয়মিত অবৈধ মদের পার্টি ও ডিজে সঙ্গীতের আসর বসত। এ নিয়ে প্রতিবাদ করলে গুলশান সোসাইটির সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হয়রানি করা হতো।
এএইচ মোফাজ্জল করিম জানান, দীর্ঘদিন বাড়ি থেকে বঞ্চিত থাকায় তাদের প্রায় ৭ কোটি টাকার ভাড়া বকেয়া পড়েছে। বারবার র্যাব ও পুলিশের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি তারা। অবশেষে ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে এবং দুজনকে আটক করে। এরপরই বন্ধ হয়ে যায় অবৈধ হোটেলের কার্যক্রম এবং মালিকপক্ষ নিজেদের বাসস্থানে ফিরে যেতে সক্ষম হন। সম্প্রতি মানব পাচার মামলায় অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

