ওসমান হাদি হত্যায় জড়িত আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় এই আসামিদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতের কথা স্মরণ করে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটিকেই দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস হিসেব�ে উল্লেখ করেন।
শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের রক্তের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। এছাড়াও দীর্ঘ বিরতির পর এবার স্বাধীনতা দিবসের মার্চ কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারায় তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, জাতির প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং সব ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

