তুরস্কে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে যোগ দিতে যাচ্ছেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় তিনি বিমানবন্দর অতিক্রম করেন।
সফরসূচি অনুযায়ী, আজ ২৬ মার্চ সৌদি আরবের জেদ্দা হয়ে তিনি ইস্তাম্বুল পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় তুরস্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।
ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে আগামী ২৭ ও ২৮ মার্চ ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’ অনুষ্ঠিত হবে। এর প্রথম প্যানেল আলোচনায় ২৭ মার্চ সকাল ১১টা ২০ মিনিটে বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী। ‘বিশ্বব্যবস্থার জন্য একটি নতুন কাঠামো: একটি কৌশলগত যোগাযোগ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এই অধিবেশনে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভের সাথে তিনি আলোচনায় অংশ নেবেন। এছাড়া সফরকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর।
সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রী দেশে ফিরবেন।

