বড় ছেঁটাই প্রশাসনে: ১২ মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রত্যাহার ৫ জনের
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার রাতে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এই আদেশে নতুন সরকারের ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং পাঁচজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এবং ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বেশ কিছু অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ, ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইয়াসমীন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একইসঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. নেয়ামত উল্লাহ ভুইয়া ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, পরিবেশ মন্ত্রণালয়ের ড. ফারহিনা আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাজমা মোবারক এবং আইএমইডির সচিব সিরাজুন নূর চৌধুরীকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. রায়হান কাওছার পেয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জাকারিয়া বসলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।

