জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম: ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১১:০৪ এএম
জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম: ফখরুল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ফ্যাসিস্টদের দখলদারিত্বে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, তবে বিএনপি জনগণকে সাথে নিয়ে সেই আমলের বিরুদ্ধে লড়াই করে গেছে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, গত এক যুগে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার নেতাকর্মী শহীদ এবং ১৭০০ জন নেতাকর্মী গুম হয়েছেন। সব ধরনের নির্যাতন সত্ত্বেও জনগণ আন্দোলনের পথ ছেড়ে যায়নি। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে দেশে আবার নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। সরকার গঠনের পর তিনি দেশকে গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়েছেন। মাত্র এক মাসের ব্যবধানে তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। তিনি পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ধর্মীয় নেতাদের ভাতা প্রদানের মতো কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে তাকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...