রাজারবাগে হামলাই স্বাধীনতা ঘোষণায় বাধ্য করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১০:৫০ এএম
রাজারবাগে হামলাই স্বাধীনতা ঘোষণায় বাধ্য করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যদি রাজারবাগ পুলিশ লাইনে হামলা না করতো, তবে হয়তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আরও কয়েক দিন পরে হতে পারতো। তবে ওই হামলার ঘটনাই জাতিকে স্বাধীনতা ঘোষণার পথে এগিয়ে যেতে বাধ্য করেছিল। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সূচনায় সবচেয়ে বেশি শহীদের আত্মত্যাগ ঘটেছিল রাজারবাগে। এখানকার গণহত্যার খবর পেয়েই মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পাকিস্তানি কমান্ডারের নির্দেশ অমান্য করে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজারবাগে হামলার খবর পায়ার পর তিনি অবিলম্বে স্বাধীনতা ঘোষণার প্রস্তুতি নেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর তিনি তৎকালীন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে সংশোধিত আকারে সেই ঘোষণা পুনরুচ্চারণ করেছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজারবাগ পুলিশ লাইনের এই ত্যাগ ও রক্তদানই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি তৈরি করেছিল। এছাড়াও তিনি জানান, দীর্ঘদিন পর এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পেরে তারা আনন্দিত। এর আগে সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সাভার স্মৃতিসৌধে এবং শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...