প্রশাসনে নতুন আমল, ১২ মন্ত্রণালয়ে বদলি ও নিয়োগ

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১০:০৮ এএম

সারা দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটেছে। বুধবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে একসঙ্গে ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগের আদেশ জারি করা হয়। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে।

পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে এবং শ্রম মন্ত্রণালয়ের ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে, এসএম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকেও পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...