সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র বিনির্মাণে পাহাড় ও সমতলের সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এবং এই ধারাবাহিকতা বজায় রেখে সমৃদ্ধ জাতি গঠন করতে হবে।
বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। এছাড়াও তিনি ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবসের কথা স্মরণ করে ১৯৭১ সালের নির্যাতিত বাঙালির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসবকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হবে। এর পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়ের উৎসবকে সাধারণ ‘বৈসাবি’ নামে না ডেকে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ সব সম্প্রদায়ের নিজস্ব নাম ব্যবহারের মাধ্যমে তাদের আত্মপরিচয় তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রামে বেকারত্ব দূরীকরণ ও সরকারি শূন্যপদ পূরণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

