সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি এবং মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আদমশুমারি অনুযায়ী দেশের চার কোটি ১০ লাখ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩৭ হাজারের বেশি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে এবং তারা মাসে আড়াই হাজার টাকা করে পাচ্ছেন। এছাড়াও ধর্মীয় সেবকদের ভাতা বৃদ্ধি এবং কৃষি খাতে আগামী পহেলা বৈশাখ থেকে ৮টি বিভাগে ২১ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি। পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৮০ দিনে এক হাজার ২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা রয়েছে।
জ্বালানি খাতে তেলের দাম বাড়ার গুজব উড়িয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধে প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় শিল্পাঞ্চলে অস্থিরতা এড়ানো গেছে। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে একশ’ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। একইসাথে মিতব্যয়িতা আনতে সংসদ সদস্যরা গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

