পৌরসভায় প্রশাসক নয়, শিগগিরই হবে নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের পৌরসভা ও উপজেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে এখন এডিসি বা ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেখানে অতিশিগ্রই নির্বাচনের আয়োজন করা হবে। এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবেন।
বুধবার (২৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন যে, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ৭ কোটি টাকায় ব্রিজের মূল কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে তা পরিত্যক্ত পড়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এই সমস্যা সমাধানের নির্দেশ দেন।
তিনি আরও জানান, এই ব্রিজটি জনগণের চলাচলের উপযোগী করতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা হবে। এই কাজ তদারকি করার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসা প্রমুখ।

