পাহাড় ও সমতলের ঐক্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি পাহাড় ও সমতলের সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসব নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় একটি বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব আয়োজন করা হবে। এছাড়া পাহাড়ি উৎসবকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এখন থেকে শুধু ‘বৈসাবি’ নাম ব্যবহার করা হবে না। বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান বা সাংগ্রাইং—প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব উৎসবের নাম আলাদাভাবে ফুটিয়ে তোলা হবে, যাতে তাদের স্বকীয় পরিচয় ও সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরা যায়।
সভায় পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থানের ওপরও জোর দেন মন্ত্রী। তিনি ওই অঞ্চলের বেকারত্ব দূরীকরণ এবং সরকারি দপ্তরগুলোর শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

