সরকারের বড় ঘোষণা: ফ্যামিলি কার্ডে মাসে ২৫০০ টাকা

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৮:২১ পিএম
সরকারের বড় ঘোষণা: ফ্যামিলি কার্ডে মাসে ২৫০০ টাকা

সচিবালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সামাজিক সুরক্ষার অংশ হিসেবে সরকার দেশের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে। আদমশুমারি অনুযায়ী দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে, যাদের প্রত্যেকের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

ধর্মীয় সেবকদের কল্যাণে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ও খ্রিস্টান যাজকদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছে সরকার। এছাড়া ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কৃষকদের জন্য আগামী পহেলা বৈশাখ থেকে পরীক্ষামূলকভাবে ১১টি উপজেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। এছাড়া সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি খাতে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। সরকার মিতব্যয়ী হওয়ার লক্ষ্যে সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন। শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...