ফ্যামিলি কার্ড ও বিশেষ সুবিধা: সরকারের উন্নয়ন তুলে ধরলেন স্বপন

দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার পরিকল্পনা করেছে। বর্তমানে ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে ৩৭ হাজার পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে, যারা মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছেন। এছাড়া ধর্মীয় সেবকদের জন্য চালু হওয়া ভাতা কর্মসূচিতে ইতিমধ্যে ৪ হাজার ৯০৮ জন ইমাম, ৯৯০ জন পুরোহিত এবং অন্যান্য ধর্মের সেবকরা অন্তর্ভুক্ত হয়েছেন।
কৃষি ও অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে ৮টি বিভাগের ১১টি উপজেলায় ২১ হাজার ১৪ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। পানি নিষ্কাশনের জন্য ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫৪টি জেলায় কাজ শুরু হয়েছে। প্রথম ১৮০ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যে কাজ চলছে।
অর্থনৈতিক খাতে মিতব্যয়িতা আনতে সংসদ সদস্যরা গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিআইপি সংস্কৃতি কমানো হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও জ্বালানির দাম বাড়ানো হয়নি বলেও জানান তিনি। শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

