স্বাধীনতার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৭:২৩ পিএম
স্বাধীনতার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আবেগঘন বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে দিবসটির শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সকল বীর শহীদদের আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি জাতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের সংগঠকদের অবদানের কথা স্মরণ করেন তিনি। রাষ্ট্রপতি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য ছিল। সাম্য, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দীর্ঘদিনের অপশাসন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কাটিয়ে উঠতে হলে দৃঢ় জাতীয় ঐক্য ও সহমর্মিতা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...