দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৭:১৬ পিএম
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র বিনির্মাণে পাহাড় ও সমতলের সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বুধবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসবের নামকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে কেবল ‘বৈসাবি’ নাম ব্যবহার করা হবে না, বরং বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ সকল সম্প্রদায়ের নিজস্ব উৎসবের নাম পৃথকভাবে ফুটিয়ে তোলা হবে। এছাড়া আগামী ১২ এপ্রিল ২০২৬ সালে ঢাকায় বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব আয়োজনেরও ঘোষণা দেন তিনি। ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মন্ত্রী ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নৃশংসতার স্মৃতিচারণ করেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তিনি পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও সরকারি শূন্যপদগুলো দ্রুত পূরণের ওপর জোর দেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...