পাহাড়ি সংস্কৃতির নামে বড় পরিবর্তন, সম্প্রীতির ডাক মন্ত্রী দীপেন দেওয়ানের

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৬:২৪ পিএম
পাহাড়ি সংস্কৃতির নামে বড় পরিবর্তন, সম্প্রীতির ডাক মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র গড়তে পাহাড় ও সমতলের সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবের নামকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে। এখন থেকে কেবল ‘বৈসাবি’ নাম ব্যবহার না করে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব পরিচয় ও উৎসবের নাম পৃথকভাবে ফুটিয়ে তোলা হবে।

বৈঠকে মন্ত্রী পার্বত্য অঞ্চলে বেকারত্ব দূরীকরণ এবং সরকারি পদগুলো দ্রুত পূরণের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চের নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...