পাহাড়ি-সমতলের ঐক্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক মন্ত্রী দীপেন দেওয়ানের

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৫:৫৯ পিএম
পাহাড়ি-সমতলের ঐক্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে পাহাড় ও সমতলের সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং একটি দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসবগুলোর নামকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে কেবল ‘বৈসাবি’ শব্দটি ব্যবহার করা হবে না। বরং বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ সব সম্প্রদায়ের নিজস্ব উৎসবের নাম আলাদাভাবে প্রচার করা হবে। এর মাধ্যমে প্রতিটি জাতিগোষ্ঠীর আত্মপরিচয় ও সংস্কৃতি ফুটে উঠবে। এছাড়া আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় একটি বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব আয়োজনের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যকালে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সরকারি শূন্যপদ পূরণ ও বেকারত্ব দূরীকরণে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে তিনি ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙালির ওপর চালানো বর্বরতার ঘটনার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...