সুইস রাষ্ট্রদূতের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সুইস রাষ্ট্রদূত।
আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি প্রকৃত সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং গত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পুলিশ ব্যবহারের তীব্র সমালোচনা করেন। এছাড়া ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল প্রতারণা বা স্ক্যাম বর্তমানে বিশ্বব্যাপী প্রতারণার প্রায় ৪০ শতাংশ, যা নির্মূলে আন্তঃদেশীয় সহযোগিতা অপরিহার্য।
বৈঠকে সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে আলোচনার জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদ অল্প মাত্রায় থাকতে পারে কিন্তু তা কখনো সন্ত্রাসবাদে রূপ নেয়নি। এ সময় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও সিটিটিসি’র ভূমিকা তুলে ধরেন তিনি। সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ সংস্কারে কারিগরি ও কৌশলগত সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও গুরুত্বারোপ করেন। এসময় মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক আইনগত সহায়তা ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

